সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা
ডোমকল বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে প্রার্থী নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। বর্তমান রাজনৈতিক সমীকরণ ও সংগঠনের শক্তির নিরিখে ডোমকল টাউন প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডলের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্রমশই সামনে উঠে আসছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
তৃণমূলের একাংশের মতে, কামরুজ্জামান মন্ডলকে প্রার্থী করা হলে বিরোধী শিবির থেকেও বড়সড় যোগদানের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে কংগ্রেসের কয়েকজন ব্লক স্তরের নেতা তাঁদের সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। সূত্রের দাবি, সারাংপুর ৫ নম্বর অঞ্চল থেকেই প্রায় এক হাজারের বেশি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিতে পারেন, যদি কামরুজ্জামানকে প্রার্থী করা হয়।
দলীয় ঐক্যের ক্ষেত্রেও তাঁর প্রার্থিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন অনেকেই। প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের বিরোধী লবির একাধিক নেতাও কামরুজ্জামান মন্ডলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থন জানাতে আগ্রহী বলে জানা গিয়েছে। ফলে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই কমে গিয়ে একজোট হয়ে নির্বাচনী লড়াইয়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
সংগঠনিক দিক থেকেও তাঁর সমর্থনভিত্তি যথেষ্ট শক্তিশালী বলে দাবি দলীয় মহলের। সূত্রের খবর, অন্তত ১৭ জন প্রাক্তন কাউন্সিলর, ৪ জন অঞ্চল সভাপতি, ৩ জন জেলা পরিষদ সদস্য এবং প্রায় ২০ জন পঞ্চায়েত সমিতির সদস্য ইতিমধ্যেই তাঁর পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন। ফলে নির্বাচনের আগে শক্ত সংগঠনিক কাঠামো গড়ে তোলা তুলনামূলক সহজ হতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
তবে অন্যদিকে, যদি আবারও বর্তমান বিধায়কের পরিবারের কাউকে প্রার্থী করা হয়—বিশেষ করে তাঁর ভাই জাকির হোসেনকে—তাহলে তা ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। মাঠপর্যায়ের কিছু রিপোর্টে এমন সিদ্ধান্তকে “ঝুঁকিপূর্ণ” বলেও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের দাবি।
এদিকে, সামিম শেখ ওরফে রুবাইয়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোরাফেরা করছে। তবে রাজনৈতিক মহলের মতে, তাঁর এখনও তেমন শক্ত সংগঠনিক ভিত্তি বা বিস্তৃত রাজনৈতিক যোগাযোগ তৈরি হয়নি, যা একটি কঠিন নির্বাচনী লড়াইয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
সব দিক বিচার করে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বর্তমান রাজনৈতিক সমীকরণ, সংগঠনের সমর্থন এবং সম্ভাব্য দলীয় ঐক্যের নিরিখে কামরুজ্জামান মন্ডলই ডোমকল বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূলের সম্ভাব্য শক্তিশালী মুখ হিসেবে উঠে আসছেন। তবে শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।