নারী শক্তির বিকাশ ও মহিলাদের সামগ্রিক স্বাস্থ্য নিয়ে আলোচনা সভা
সম্প্রতি উডল্যান্ডস হাসপাতাল ক্যালকাটা ক্লাবে নারী শক্তির বিকাশ ও মহিলাদের সামগ্রিক স্বাস্থ্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন।
সমাজের বিভিন্ন ক্ষেত্রের ও বিভিন্ন বয়সের কৃতি ও সফল কয়েকজন মহিলা এই মনোজ্ঞ আলোচনাতে অংশ নিয়েছিলেন। ঠাকুমা হয়ে যাওয়া প্রোচি এন মেহতার সঙ্গে একই সারিতে বসেছিলেন জেন জির প্রতিনিধি অভিনেত্রী অনুসা ভিশ্বনাথন। বক্তাদের কথায় বার বার উঠে আসছিল সংসার, স্বাস্থ্য, বিনোদন, স্বনির্ভরতা প্রভৃতি ক্ষেত্রে মেয়েদের নিজস্ব কিছু সমস্যা ও তার সমাধানের কথা, কর্মরতা মহিলাদের বাড়ি আর অফিসে দুইটি ভিন্ন পরিবেশে প্রতিদিনের মানিয়ে চলার রোজনামচাও।
উডল্যান্ডসের মেডিক্যাল ডিরেক্টর ডা. প্রিয়াঙ্কা বেহলের স্বাগত ভাষন দিয়ে অনুষ্ঠানের শুরু। প্রথমে কলকাতা পার্শি ক্লাবের প্রথম মহিলা সভাপতি একাত্তরটি পদকের অধিকারিনী খেলোয়াড় ও লেখিকা বর্ষিয়ান প্রোচি এন মেহতা কলকাতার পার্শি সম্প্রদায়ের বিভিন্ন রক্ষনশীল সংস্কারের বিরুদ্ধে তাঁর লড়াইএর কথা জানান। মহিলাদের আর্থিক নিরাপত্তা ও বিকাশ নিয়ে এক বক্তব্যে FHPLএর আঞ্চলিক অধিকর্তা ডা. মেধা ঘুর্গি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও মেডিক্যাল ইন্সিওরেন্সের একান্ত প্র্য়োজনীয়তার কথা তুলে ধরেন। জনসংযোগ বিশেষজ্ঞ ও লেখিকা রিতা ভিমানির কথায় উঠে আসে মহিলাদের পরিবারের সকলের কথা খেয়াল রেখে নিজেদের প্রতি অবহেলার কথাও। এজন্যই অনেক সময়েই মেয়েদের ক্যানসারের মতো অসুখ নির্নয়েও দেরী হয়ে যায় বলে তাঁর অভিমত।
আলোচনা সভার বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন ক্যালকাটা ক্লাবের মহিলা সভাপতি কস্তুরি রাহা। দেড়শ বছরের প্রাচীন অভিজাত পুরুষ শাসিত ক্লাবে নির্বাচনে অংশগ্রহন ও জয়লাভ নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানালেন। মহিলাদের প্রতি তাঁর পরামর্শ যে বর্তমানের প্রতিটা মুহুর্ত নিয়ে সুখী থাকতে পারলেই অতীতকে জয় করা বা ভবিষ্যতের সাফল্য পাওয়া যাবে। নবীন অভিনেত্রী অনুষা ভিশ্বনাথন প্রতিটি মহিলাকে একটি নিজস্ব পরিচয় তৈরি করতে আহ্বান জানান। অভিনেত্রী ও মডেল রিচা শর্মাও তাঁর বক্তব্যে বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপসা দাশগুপ্ত রায়। উডল্যান্ডসের ডাইরেক্টর নার্সিং সিস্টার টিংকু অধিকারীর ধন্যবাদ প্রদানের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।