২০২৬-এর লক্ষ্যে প্রস্তুতি শুরু: রাজারহাটে আরাত্রিকা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের কর্মীসভা
নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে শুরু করল শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগর পৌরনিগমের ৩ নং ওয়ার্ডের নারকেল বাগান এলাকায় এক বিশাল কর্মীসভার আয়োজন করা হয়। স্থানীয় পৌরমাতা তথা মেয়র পারিষদ আরাত্রিকা ভট্টাচার্যের নেতৃত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।
এদিনের সভায় মূলত বুথ স্তরের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের কয়েকশ তৃণমূল কর্মী ও সমর্থক।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে লিড ধরে রাখাই তাঁদের প্রধান লক্ষ্য। পৌরমাতা আরাত্রিকা ভট্টাচার্য কর্মীদের উদ্দেশ্যে বলেন, "মানুষের পাশে থেকে কাজ করতে হবে। উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের মূল হাতিয়ার।" সভায় শাহানাওয়াজ আলী মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত থেকে কর্মীদের চাঙ্গা করেন।